১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

আজ ২০ জানুয়ারি মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিনেই নির্বাচনের চূড়ান্ত বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তাঁদের। এ ছাড়া জোটসংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না।

আগামীকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসাররা। এ ক্ষেত্রে কোনো আসনে কোনো দলের যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে একজনের নাম চূড়ান্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানাতে হবে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও কেউ চাইলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন। গতকাল সোমবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসাররা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং অফিসাররা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

৩০০ আসনে বৈধ প্রার্থী থাকেন এক হাজার ৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেন। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত টানা ৯ দিনে শুনানিতে চার শতাধিক প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার আড়াই শর মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *