১৪ ফেব্রু ২০২৬, শনি

ইংলিশ প্রিমিয়ার লিগে ফের ইতিহাস ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের

ইংলিশ প্রিমিয়ার লিগ বছরের পর বছর মাতিয়েছেন অসংখ্য ব্রাজিলিয়ান তারকা। তবু এতদিন লিগটির ইতিহাসে কোনো ব্রাজিলিয়ান ফুটবলার দু’বার মাসসেরা হওয়ার কীর্তি গড়তে পারেননি। রবার্তো ফিরমিনো, ফার্নান্দিনহো কিংবা ফিলিপে কৌতিনহো—এমন তারকারাও যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানেই নতুন ইতিহাস লিখলেন ইগর থিয়াগো।

ব্রেন্টফোর্ড–এর এই ফরোয়ার্ড দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো মাসসেরার পুরস্কার জিতে নিলেন। এর মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে দু’বার মাসসেরা হওয়ার অনন্য কীর্তি গড়লেন ইগর।

শুক্রবার বেন্টফোর্ডের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেন ইগর থিয়াগো। এই সুখবর দ্বিগুণ করে জানুয়ারি মাসের সেরা নির্বাচিত হন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এর আগে গত বছরের নভেম্বরে মাসের সেরা ফুটবলারের পুরষ্কার জিতেছিলেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে একবার মাসসেরা হয়েছেন ডেভিড লুইজ, জুনিনহো পাউলিস্টা, রদ্রিগো মুনিজ, এডু ও লুকাস মাউরা। তাতে একমাত্র ফুটবলার হিসেবে একাধিকবার এই স্বীকৃতি পাওয়া ব্রাজিলিয়ান ফুটবলার হওয়ার মর্যাদা পেলেন থিয়াগো।

গত মাসে পাঁচটি গোল করেন থিয়াগো। এভার্টনের বিপক্ষে হ্যাটট্রিকের পর সান্ডারল্যান্ডের বিপক্ষে করেন জোড়া গোল। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আর্লিং হলান্ডের সঙ্গে জোর লড়াইয়ে আছেন থিয়াগো। ম্যান সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ডের ২২ গোলের বিপরীতে থিয়াগোর গোল সংখ্যা ১৭।

ব্রেন্টফোর্ডের হয়েও ইতিহাসে নাম লিখিয়েছেন থিয়াগো। এর আগে লিগে ক্লাবটির কোনো ফুটবলারই মাসসেরা হতে পারেনি। অসাধারণ এই অর্জনের পর উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন,

‘আমি ক্লাবের লোকদের জিজ্ঞেস করেছি, আগে কতজন ব্রেন্টফোর্ড খেলোয়াড় এই পুরস্কার জিতেছেন। তারা বলেছে, আমার আগে কেউই এই ট্রফি পাননি। তাই আমি সত্যিই খুব খুশি যে এখন পর্যন্ত দুইবার এটি জিততে পেরেছি এবং আশা করি আরও জিতব।’

থিয়াগো আরও বলেন, ‘আমি সব স্টাফ এবং সহকর্মী খেলোয়াড়দেরও ধন্যবাদ জানাই, যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন এবং মাঠে সাহায্য করেছেন।’

এর আগে আরও একটি রেকর্ড গড়েছিলেন ইগর থিয়াগো। ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে এক মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েন তিনি।

জানুয়ারিতে প্রিমিয়ার লিগে মাসের সেরা গোল নির্বাচিত হয় ফুলহামের মিডফিল্ডার মিডফিল্ডার হ্যারিসন রিডের গোল। লিভারপুলের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত এক দূরপাল্লার শটে জাল কাঁপিয়ে ২–২ গোলে ড্র নিশ্চিত করেন তিনি।

মাসের সেরা কোচের পুরষ্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মাইকেল ক্যারিক। সুদিন ফেরানোর স্বপ্ন দেখানো এই কোচের অধীনে গত মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২–০ গোলে ডার্বি জিতেছে ‘রেড ডেভিলরা’। একই মাসে আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয় পায় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *