৩১ মার্চ ২০২৬, মঙ্গল

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

ইতালির স্বপ্নপূরণ, না স্বপ্নভঙ্গের রাত আজ? জেনিকায় প্লে-অফ ফাইনালে স্বাগতিক বসনিয়াকে হারালে দীর্ঘ এক যুগের খরা কাটিয়ে বিশ্বকাপে ফিরবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হেরে গেলে টানা তৃতীয়বার বিশ্বকাপের ট্রেন মিস করবে ইতালি।

প্লে-অফ সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখার পর ইতালির কোচ জেনারো গাত্তুসো শিষ্যদের সতর্ক করে বলেছিলেন, সামনে ‘এভারেস্ট’ জয়ের আসল চ্যালেঞ্জ। ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে আজ এভারেস্টের চূড়ায় উঠতে হবে আজ্জুরিদের।

কয়েকদিন ধরে জেনিকায় তুষারপাত ও বৃষ্টি হচ্ছে। পথটা তাই ভীষণ বন্ধুর। শিষ্যদের কাছে গাত্তুসোর চাওয়া, ‘পারফরম্যান্স নিয়ে আমি আগ্রহী নই। আমার শুধু জয় চাই।’

ইতালির মতো বসনিয়ার সামনেও এক যুগ পর বিশ্বকাপে ফেরার হাতছানি। দুদলই সবশেষ খেলেছে ২০১৪ বিশ্বকাপে। ইতালিকে ফেভারিট মেনেই বসনিয়ার ৪০ বছর বয়সি অধিনায়ক এডিন ডেকো বলেছেন, ‘আমরা ঘরের মাঠে খেললেও ইতালি পরিষ্কার ফেভারিট। তাদের ইতিহাস সবাই জানে। তবে আমরা একটি প্রজন্মের স্বপ্ন-পূরণের জন্য লড়ব।’

প্লে-অফ সেমিফাইনালে ওয়েলসের বিপক্ষে বসনিয়ার জয় উদ্যাপন করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন ইতালির কয়েকজন ফুটবলার। ইউরোপিয়ান অঞ্চলের অন্য তিন প্লে-অফ ফাইনালে আজ দেখা হবে সুইডেন ও পোল্যান্ড, কসোভো ও তুরস্ক এবং চেক প্রজাতন্ত্র ও ডেনমার্কের।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *