ডোমেইন নামের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি হলো। ‘এআই ডটকম’ (AI.com) ডোমেইনটি বিক্রি হয়েছে ৭ কোটি ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকারও বেশি। এই ডোমেইনটি কিনেছেন জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ক্রিপ্টো ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ক্রিস মারসালেক।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence—মানুষের মতো চিন্তা করতে সক্ষম প্রযুক্তি) খাতে নিজের শক্ত অবস্থান জানান দিতেই এত বড় অংকের বিনিয়োগ করেছেন তিনি। এ বিষয়ে ফিনান্সিয়াল টাইমস (এফটি) প্রতিবেদন প্রকাশ করেছে।
ক্রিস মারসালেক জানান, তার পরিকল্পনা অনুযায়ী AI.com ভবিষ্যতে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। এই প্ল্যাটফর্ম সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি ব্যক্তিগত ‘এআই এজেন্ট’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে মানুষ সহজে বার্তা পাঠাতে পারবে, বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবে এবং এমনকি শেয়ার বাজারে লেনদেনও করা সম্ভব হবে।
এক সাক্ষাৎকারে মারসালেক বলেন, গত বছরই ডোমেইনটি কেনার সুযোগ আসে। তখন তিনি ভেবে দেখেন দীর্ঘমেয়াদে—আগামী ১০ থেকে ২০ বছরে—এআই প্রযুক্তি মানুষের জীবনে বড় পরিবর্তন আনবে। তার বিশ্বাস, এআই হতে যাচ্ছে এই সময়ের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব। সে কারণেই তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখেছেন।
ডোমেইনটির দাম নিয়ে মারসালেক সরাসরি কোনো মন্তব্য না করলেও, চুক্তির মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ‘গেটইউরডোমেইন ডটকম’-এর প্রতিনিধি ল্যারি ফিশার এই ৭ কোটি ডলারের লেনদেনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো অর্থই একজন অজ্ঞাত বিক্রেতাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তার ভাষায়, ডোমেইন বিক্রির ইতিহাসে এটি এখন পর্যন্ত প্রকাশ্যে জানা সবচেয়ে বড় অংকের চুক্তি।
উল্লেখ্য, ক্রিস মারসালেক ২০১৬ সালে ক্রিপ্টো ডটকম চালু করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় প্রায় দেড় বিলিয়ন ডলারে পৌঁছেছে।

