পবিত্র ঈদুল ফিতরের দিনেই আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নজির গড়েছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত জুডো প্রতিযোগিতায় দুইটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের জুডোকারা।
নেপাল জুডো ফেডারেশন আয়োজিত আমন্ত্রণমূলক এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিকেএসপির ৬ জন জুডোকা।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে তিনটি ইভেন্টে অংশ নিয়ে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। বালক ক্যাডেট ৬২+ কেজি বিভাগে স্বর্ণ পান উসাচিং মারমা বিজয়।
দিনের শেষ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন রেমি হাসি।
পদক জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ। রবিবার আরও দুইজন জুডোকা পদকের লড়াইয়ে নামবেন। সব মিলিয়ে বাংলাদেশের ছয়জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

