১৭ মার্চ ২০২৬, মঙ্গল

ঈদের দিন সকালে দুধ সেমাই ও জর্দা সেমাই, জেনে নিন রেসিপি

সবসময় রোজা আমাদের আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। তাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন— ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকীদ।
রোজা আমাদের খুশির বার্তাবাহক। রোজার শেষে আনন্দ নিয়ে আসে ঈদ। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। প্রতি বছর নির্দিষ্ট দিনে ফিরে আসে আমাদের ত্যাগের উৎসব, ত্যাগের আমেজ। প্রতি বছর এ উৎসবটি মুসলমানদের জীবনে মহা-আনন্দে রূপ নেয়। আমরা দুঃখ-কষ্ট ভুলে সবাই একসঙ্গে আনন্দে মেতে উঠি। এই উদযাপন একটি ভোজানন্দেরও দিন। কয়েক দিনের মধ্যেই আসছে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ উৎসব উদযাপনের দিন।

ঈদ উৎসবের দিনে খাবারে থাকে নানা আয়োজন। এর মধ্যে প্রধান হচ্ছে— সেমাই মিষ্টিমুখ। সকালের জন্য সবার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার সেমাই। আর তা যদি হয় দুধ সেমাই ও জর্দা সেমাই, তবে তো কথাই নেই। ঘরের গৃহিণীরা খুব ভোরে উঠে রান্না করেন সেই সুস্বাদু খাবার।

দুধ, ঘি, চিনি, বাদাম, কিশমিশ এবং এলাচ ব্যবহার করে সুস্বাদু দুধ সেমাই বা লাচ্ছা সেমাই এবং ঝরঝরে জর্দা সেমাই খুব সহজে তৈরি করে ফেলেন গৃহকর্ত্রীরা, যা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে গৃহিণীরা ঈদের আনন্দ-উৎসবকে রাঙিয়ে তোলেন—

১. দুধ সেমাই (ঐতিহ্যবাহী রেসিপি)

উপকরণ

সেমাই (লাচ্ছা বা সাধারণ) ২০০ গ্রাম। দুধ ১ লিটার। চিনি স্বাদমতো (১/২ কাপ বা বেশি)। ঘি ২ টেবিল চামচ। এলাচ ৩-৪টি। দারুচিনি ১টি। বাদাম কুচি ও কিশমিশ পছন্দমতো। ঘন করার জন্য গুঁড়ো দুধ ১/৪ কাপ।

প্রণালি

হাঁড়িতে দুধ ও দারুচিনি ও এলাচ দিয়ে ফুটিয়ে নিন। দুধ কিছুটা কমে ঘন হলে চিনি ও গুঁড়ো দুধ মিশিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিন। এবার অন্য প্যানে ঘি গরম করে সেমাই হালকা বাদামি করে ভেজে নিন। এরপর ভাজা সেমাই গরম দুধে দিয়ে দিন এবং ১-২ মিনিট রান্না করুন। এবার নামানোর আগে বাদাম কুচি ও কিশমিশ ছড়িয়ে দিন। ঠাণ্ডা হলে বা গরম গরম পরিবেশন করুন।

২. ঝরঝরে জর্দা সেমাই (শুকনো সেমাই)

উপকরণ

সাধারণ সেমাই ২০০ গ্রাম। ঘি ৩ টেবিল চামচ। চিনি ১/২ কাপ (স্বাদমতো)। পানি বা তরল দুধ ১/২ কাপ। এলাচ ২-৩টি। নারিকেল কোরানো ২ টেবিল চামচ। বাদাম ও কিশমিশ পছন্দমতো।

প্রণালি

কড়াইতে ঘি গরম করে এলাচ ফোড়ন দিন। এবার সেমাই দিয়ে মাঝারি আঁচে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভালো করে ভাজুন। এরপর চিনি, নারিকেল কোরানো এবং অল্প পানি বা দুধ দিয়ে নেড়ে দিন। এবার ঢাকনা দিয়ে ৫-৭ মিনিট খুব কম আঁচে রান্না করুন। এরপর নামানোর আগে বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিয়ে হালকাভাবে মিশিয়ে নিন। তবে সেমাই ঝরঝরে করতে চাইলে পানির পরিমাণ কম ব্যবহার করুন। লাচ্ছা সেমাই ব্যবহার করলে ভাজার প্রয়োজন নেই, সরাসরি দুধে দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *