১৫ ফেব্রু ২০২৬, রবি

টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে আবারও দলের জয়ের নায়ক হলেন হ্যারি কেইন। তার দুর্দান্ত নৈপুণ্যে বুন্ডেসলিগায় অনায়াস জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

শনিবার টেবিলের নিচের দিকের দল ভার্ডার ব্রেমেন-এর মাঠে ৩-০ গোলের জয় তুলে নেয় বায়ার্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারীরা।

ম্যাচের প্রথমার্ধে ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন কেইন। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। লিগে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন তিনি।

গত সপ্তাহে হফেনহাইম-এর বিপক্ষেও জোড়া গোল করেছিলেন কেইন। চলতি মৌসুমে ২২ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬-এ। গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সতীর্থ লুইস দিয়াস-এর গোল ১৩টি।

ম্যাচের ৭০তম মিনিটে আলফোঁসো ডেভিসের পাস থেকে ডি-বক্সে শট নিয়ে তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা।

এই জয়ে ২২ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *