গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারাবন্দি শামিকুল ইসলাম সরকার লিপন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণমারি গ্রামের মৃত জোব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ২০২৫ সালে ১৮ অক্টোবর থেকে লিপন গাইবান্ধা সদরের একটি রাজনৈতিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। ডায়াবেটিস ও হৃদরোগ নিয়েই তিনি কারাগারে আসেন।
তিনি বলেন, লিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তিনি একবার কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেবার রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কারাগারে ফিরেছিলেন।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, শনিবার হঠাৎ রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান তিনি।

