১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রবিবার দিবাগত রাত ১টা থেকে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দৌলতদিয়া প্রান্তে অন্তত তিনটি ফেরি আটকে রয়েছে। একই সঙ্গে ঘাট এলাকায় আটকে পড়েছে শতাধিক যানবাহন ও বিপুলসংখ্যক যাত্রী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত ১১টার পর থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত ১টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

ঘাট সংশ্লিষ্টরা জানান, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীতে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *