৫ এপ্রি ২০২৬, রবি

ছন্দহীন রিশাদ, টানা তিন হারে চাপে পিন্ডিজ

চলতি পিএসএলে এখনো নিজের সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না রিশাদ হোসেন। টানা তিন ম্যাচের একটিতেও প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশের এই লেগ স্পিনার। তার দল রাওয়ালপিন্ডি পিন্ডিজও তিন ম্যাচ শেষে এখনো জয়ের মুখ দেখেনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৭ উইকেটের হারে আরও চাপে পড়ে পিন্ডিজ। আগে ব্যাট করতে নেমে দলটি ১৫৬ রানের বেশি তুলতে পারেনি। জবাবে মাত্র ১৪.২ ওভারেই সহজ জয় তুলে নেয় ইসলামাবাদ।

এই হারে তিন ম্যাচেই পরাজয়ের স্বাদ পেল পিন্ডিজ। আট দলের পয়েন্ট টেবিলে তারা রয়েছে সপ্তম স্থানে। সমান তিন ম্যাচে তিন হার নিয়ে সবার নিচে আছে আরেক নতুন দল হায়দরাবাদ কিংসমেন।

দলের হারের দিনে ব্যাট ও বল—দুটোতেই নিষ্প্রভ ছিলেন রিশাদ। ব্যাট হাতে ৬ বলে করেন মাত্র ৩ রান। আর বল হাতে ৩ ওভারে ৩৬ রান দিয়ে নেন একটি উইকেট। চলতি আসরে তিন ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ২টি; ১১ ওভারে তিনি খরচ করেছেন গড়ে ৯.৯০ রান।

পিন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন কামরান গোলাম, ৩৯ বলে সাজান এই ইনিংস। শেষ দিকে ডিয়ান ফরেস্টার ১৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেললে দেড়শ পার করে দলটি।

ইসলামাবাদের বোলিং আক্রমণে সমান তালে আঘাত হানেন ফাহিম আশরাফ, সালমান ইরশাদ ও রিচার্ড গ্লিসন—প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

রান তাড়ায় ইসলামাবাদের জয়ে বড় ভূমিকা রাখেন ১৯ বছর বয়সী ওপেনার সামির মিনহাস। মাত্র ৩৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া মার্ক চ্যাপম্যান ৭ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।

আগামী সোমবার একই ভেন্যুতে মুলতান সুলতান্সের বিপক্ষে মাঠে নামবে রিশাদের পিন্ডিজ, যেখানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *