লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র ত্যাগ করে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক পোলিং কর্মকর্তা আটক হয়েছেন। বুধবার রাতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, আটক দুই কর্মকর্তা বর্তমানে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
আটকরা হলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমানি ও পোলিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
জেলা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতের প্রার্থী রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

