স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভীর (নিয়ামত উল্লাহ ভূঁইয়া) খোঁজ মিলছে না। রবিবার রাতে দেশে ফিরেছেন এমনটা শোনা গেলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। কেউ বলতে পারছেন না এখন তিনি কোথায়। আলভী ও ইকরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, গত রবিবার বিকালে জাহের আলভী নেপাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর বেশ কিছুক্ষণ বিমানবন্দরের ভিতরেই অবস্থান করেন। ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা পর একজনের মধ্যস্থতায় তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। এদিকে আলভীর ফোন, ফেসবুকসহ সব ধরনের যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সবার প্রশ্ন আলভী এখন কোথায়? তাকে কারা আশ্রয় দিয়ে লুকিয়ে রেখেছে? কারণ সে এখন অপমৃত্যুর মামলার আসামি।

