চলমান জ্বালানি সংকটে পেট্রোলের আকাশচুম্বী দামে দিশেহারা সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্য সরকার। আগামী মঙ্গলবার (৩১ মার্চ) থেকে মাসব্যাপী এই রাজ্যগুলোতে লাখ লাখ মানুষ বিনামূল্যে গণপরিবহণে যাতায়াতের সুযোগ পাবেন।
মূলত ইরান যুদ্ধের ফলে সৃষ্ট তেলের বাজারে অস্থিরতা এবং সরবরাহ ঘাটতির কারণে সাধারণ মোটরচালকদের ওপর যে আর্থিক চাপ তৈরি হয়েছে, তা কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরান সংঘাত শুরু হওয়ার এক মাস পার হতে চললেও এর নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। অস্ট্রেলিয়াতেও এর ব্যতিক্রম ঘটেনি। জ্বালানি তেলের তীব্র সংকট ও উচ্চমূল্যের কারণে কয়েকশ সার্ভিস স্টেশনে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের গাড়ি ছেড়ে গণপরিবহণ ব্যবহারে উৎসাহিত করতে ভিক্টোরিয়া সরকার এক মাসের জন্য সব ধরনের ভাড়া মওকুফ করেছে। এতে সরকারের প্রায় ৭১ মিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্টা অ্যালান রোববার সাংবাদিকদের জানান, এই সিদ্ধান্তের ফলে একজন নিয়মিত যাত্রী পুরো এপ্রিল মাসে অন্তত ২২০ ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। তিনি স্বীকার করেন, এই সাময়িক ব্যবস্থা জীবনযাত্রার ব্যয়ের সব সমস্যার সমাধান করবে না, তবে এটি জ্বালানির চাহিদা কিছুটা কমিয়ে মানুষের পকেটের চাপ হালকা করবে। বর্তমান সংকটে জনগণ সরকারের কাছে কার্যকর ভূমিকার প্রত্যাশা করছে এবং সেই দায়িত্ববোধ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান।

