২৮ ফেব্রু ২০২৬, শনি

টি -২০ বিশ্বকাপে ইংল্যান্ডের জ্যাকস সাত ম্যাচে চারবার ম্যাচসেরা

এই বিশ্বকাপে ইংল্যান্ডের সত্যিকারের ‘এক্স ফ্যাক্টর’ হয়ে ওঠা উইল জ্যাকস আরও একবার অলরাউন্ড পারফরম্যান্সে ব্যবধান গড়ে দিলেন। ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন আরেকবার। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ের পাতায়।

সুপার এইটে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জয়ের ম্যাচে প্রথমে বল হাতে চার ওভারে ২৩ রানে ২ উইকেট নেন জ্যাকস। পরে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে চারটি চার ও একটি ছক্কায় ১৮ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের হয়ে ৩১ টি-টোয়েন্টিতে কখনও ম্যাচসেরার স্বীকৃতি পাননি জ্যাকস। বিশ্বকাপে চারবার এই স্বাদ পেলেন তিনি সাত ম্যাচেই!

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এতবার ম্যাচসেরা হওয়ার নজির ছিল এতদিন কেবল একজনেরই। ২০১২ আসরে চারবার হয়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ২০২২ আসরে তিনবার হয়েছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

কলম্বোয় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬০ রানের লক্ষ্য তাড়ায় শেষ তিন ওভারে ইংল্যান্ডের সমীকরণ ছিল বেশ কঠিন, প্রয়োজন ছিল ৪৩ রানের, হাতে উইকেট চারটি। তখন পর্যন্ত জ্যাকসের রান ছিল ৯ বলে ৮। ১৭তম ওভারে গ্লেন ফিলিপসের শেষ তিন বলে একটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। একটি ছক্কা মারেন স্পিনার রেহান আহমেদও। এই ওভারেই আসে ২২ রান।

পরের ওভারে মিচেল স্যান্টনারকে একটি করে চার ও ছক্কা মারেন রেহান। জ্যাকস এবার দুটি ডাবলসহ নেন মোট পাঁচ রান। শেষ ওভারে পাঁচ রানের প্রয়োজনে প্রথম বলে সিঙ্গল ও তৃতীয় বলে চার মেরে জয় নিশ্চিত করেন জ্যাকস।

এবারের আসরে প্রথমবার ম্যাচ সেরা হয়েছিলেন তিনি গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে। সেদিন ১৮ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলার পর, বল হাতে নিয়েছিলেন একটি উইকেট। ইতালির বিপক্ষে ২২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলার পর, হাত ঘুরিয়ে একটি উইকেট নিয়ে দ্বিতীয়বার তিনি পান এই স্বীকৃতি।

সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে কম রানের ম্যাচে ১৪ বলে ২১ রানের কার্যকর ইনিংস খেলার পর, ২২ রানে ৩ উইকেট নিয়ে তৃতীয়বার ম্যাচ সেরা হন ২৭ বয়সী ক্রিকেটার। আসরে এখন পর্যন্ত ছয় ইনিংসে বোলিং করে তিনি উইকেট নিয়েছেন মোট সাতটি। ব্যাট হাতে সাত ইনিংসে ৬৩.৬৬ গড় ও ১৭৬.৮৫ স্টাইক রেটে তার রান ১৯১।

ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে বেশি রান করতে পেরেছেন কেবল অধিনায়ক হ্যারি ব্রুক, ২২৮। আসরে সাত ম্যাচের ছয়টি জেতা ইংল্যান্ড এখন সেমিফাইনালে খেলার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *