৫ এপ্রি ২০২৬, রবি

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব: আক্রান্ত ৬৪৭৬, মৃত্যু ১১৪

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে লালচে র‍্যাশ নিয়ে প্রতিদিন শত শত শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ৬,৪৭৬ জন সম্ভাব্য হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪,৬২৮ জন হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৬৫৪ জন।

একই সময়ে দেশে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন নিশ্চিতভাবে হামের কারণে এবং বাকি ৯৮ জন সম্ভাব্য হামজনিত জটিলতায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৭ জন সম্ভাব্য রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে ৬০ জনের এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

সংক্রমণ নিয়ন্ত্রণে আজ সকাল ৯টা থেকে ১৮টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় জরুরি ‘মিজলস-রুবেলা (এমআর)’ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে, এমনকি যারা আগে টিকা নিয়েছে তারাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবে।

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানান, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের (এনআইটিএজি) সুপারিশে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোনও ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। সরকার আগামী ২১ মে’র মধ্যে পর্যায়ক্রমে সারাদেশে এই টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও ৫ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৫টি উচ্চ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের ১০টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকাদান কর্মসূচি পরিচালনা করবে। এখানে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *