১১ মার্চ ২০২৬, বুধ

‘ধুরন্ধর ২’ ছাড়িয়ে যাচ্ছে ‘পুষ্পা ২’, ‘স্ত্রী ২’–কে

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে। শুধু টিজার ও ট্রেলার প্রকাশ পেয়েছে, তাতেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। পেইড প্রিভিউ শোর অগ্রিম বুকিং শুরু হতেই রেকর্ডের পর রেকর্ড গড়ছে ছবিটি।
নির্মাতারা জানিয়েছেন, ছবিটি মুক্তি পাবে ১৯ মার্চ। তার আগের দিন ১৮ মার্চ বিকেল পাঁচটা থেকে বিভিন্ন হলে পেইড প্রিভিউ শো হবে। আর সেই শোর টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। মাত্র ৪৪ ঘণ্টায় ছবিটির দুই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। ট্রেড সূত্রের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৩টি টিকিট বিক্রি হয়েছে।
৮ হাজারের বেশি প্রিভিউ শো
দেশজুড়ে প্রায় আট হাজারের বেশি প্রিভিউ শোর টিকিট ইতিমধ্যেই বুক হয়ে গেছে। অগ্রিম বুকিং থেকেই ছবিটি আয় করেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি ৬০ লাখ টাকার সমান। আর ব্লক সিটসহ মোট আয় ধরা হলে সেই অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ২৭ কোটি ৯০ লাখ টাকা। সব ভাষাতেই পেইড প্রিভিউয়ের অগ্রিম বুকিং চলছে। তবে সবচেয়ে বেশি সাড়া মিলছে হিন্দি সংস্করণে। কর্নাটকে ছবিটি ইতিমধ্যে ৩ কোটি ৯৫ লাখ টাকা এবং মহারাষ্ট্রে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। তেলেঙ্গানা ও দিল্লিতেও ছবিটি ভালো সাড়া পাচ্ছে।
‘পুষ্পা ২’, ‘স্ত্রী ২’–এর রেকর্ড ভাঙার পথে
প্রিভিউ শোর অগ্রিম বুকিংয়ের আয়ের নিরিখে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ ইতিমধ্যেই শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’–কে ছাড়িয়ে গেছে। এবার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’–এর রেকর্ডও ভেঙে দিয়েছে বলে দাবি ট্রেড মহলের। এর আগে ‘পুষ্পা ২’ পেইড প্রিভিউ থেকে ১৪ কোটি টাকার বেশি আয় করেছিল, যা এসেছিল শুধু তেলেগু সংস্করণ থেকেই। অন্যদিকে ‘ধুরন্ধর ২’ একাধিক ভাষায় প্রিভিউ দেখানো হচ্ছে। ফলে আয়ও দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত ভাষাভিত্তিক আয় হিসেবে হিন্দি সংস্করণে প্রায় ১৫ কোটি ৮৫ লাখ টাকা, তামিল সংস্করণে প্রায় ১৩ কোটি ৫ লাখ টাকা ও তেলেগু সংস্করণে প্রায় ১২ কোটি ৫৫ লাখ টাকা আয় হয়েছে। কন্নড় ও মালয়ালম সংস্করণেও কিছু আয় হয়েছে।
টিকিটের দামও চড়া
প্রিভিউ শোর টিকিটের দামও তুলনামূলক বেশি। সাধারণ স্ক্রিনে টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ৬০০ টাকা থেকে। আর প্রিমিয়াম বা বিলাসবহুল স্ক্রিনে টিকিটের দাম উঠেছে ৩ হাজার ৪০০ টাকা!
মজার বিষয় হলো, ‘ধুরন্ধর’ ছবির প্রথম পর্ব মুক্তির সময় তেমন বড় কোনো আলোচনায় ছিল না। রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত সেই ছবি প্রথম দিনে প্রায় ২৮ কোটি রুপি ও দ্বিতীয় দিনে ৩২ কোটি রুপি ব্যবসা করেছিল।
তবে এবার পরিস্থিতি একেবারেই আলাদা। ট্রেড বিশ্লেষকদের মতে, পেইড প্রিভিউ থেকেই যখন এমন সাড়া মিলছে, তখন মুক্তির পর বক্স অফিসে বড় ঝড় তুলতে পারে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *