নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন (৫০) এবং মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন এলাকার মোসলেমের ছেলে পিন্টু রহমান (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বাড়ির পাশের ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে পিন্টু রহমান ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

