চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আবদুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর বড়পর্দায় ফেরার অপেক্ষায় থাকা এ নায়িকার সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের লড়াই থেকে ছিটকে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
এবারের ঈদে ‘প্রিন্স : ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’-এর মতো সিনেমাগুলো সরব প্রচার চালালেও ‘দুর্বার’সহ আরও বেশ কিছু ছবি নিয়ে এখনো সুনসান নীরবতা বিরাজ করছে। চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, প্রচারহীনতার মূল কারণ হলো মুক্তির অনিশ্চয়তা। অনেক নির্মাতাই শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন, যার মধ্যে অপুর এ সিনেমাটিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে সম্প্রতি পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পাদনার কাজ চলার কথা বললেও সিনেমাটি মুক্তির সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি। অন্যদিকে প্রায় দুই বছর পর বড়পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপু বিশ্বাসও সিনেমাটি না আসার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিনেমাটি নিয়ে বড় পরিকল্পনা থাকলেও প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করছে। তার কথায়, ‘আমাদের সিনেমাটি এবার ওরকমভাবেই আসার পরিকল্পনা ছিল। আসলে প্রোডাকশন তো তাদের ইচ্ছামতো চলে, বিষয়টা আমার হাতে নয়।’

