নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনেদুপুরে এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারি ও ওয়্যারড্রোব ভেঙে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সাংবাদিকের দাবি, চুরি যাওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।
সোমবার দুপুরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক এ এস এম তৌফিকুন্নবী (৪৪) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তৌফিকুন্নবী সময় টিভির প্রধান কার্যালয়ে সিনিয়র ভিডিও এডিটর হিসেবে কর্মরত। তিনি পৈতৃক চার তলা বাড়ির চতুর্থ তলায় স্ত্রী, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করেন।
এজাহার সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে যান। সোমবার সকালে তৌফিকুন্নবী ঢাকায় কর্মস্থলে চলে যান। দুপুর ১২টায় তার বৃদ্ধা মা ফাতেমা বেগম (৭০) ফ্ল্যাটে তালা দিয়ে একই বাড়ির দ্বিতীয় তলায় বড় ছেলের ফ্ল্যাটে যান। পৌনে একটার দিকে চতুর্থ তলায় ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের আলমারি ও ওয়্যারড্রোব ভাঙা অবস্থায় পড়ে আছে।
এজাহারে তৌফিকুন্নবী উল্লেখ করেন, অজ্ঞাতনামা চোরেরা তার ঘরের কাঠের ওয়্যারড্রোব ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা এবং মায়ের ঘরের স্টিলের আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। তিনি চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

