১৬ মার্চ ২০২৬, সোম

বাংলাদেশের রিভিউ নিয়ে ২টি অভিযোগ তুলল পাকিস্তান

তৃতীয় ওয়ানডেতে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনার একটি সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে পাকিস্তান। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ম্যাচের শেষের দিকে বিগ স্ক্রিনে রিপ্লে দেখার পর রিভিউ নিয়েছে বলে পাকিস্তান ব্যবস্থাপনা অভিযোগ করেছে।
ঘটনাটি ঘটে ম্যাচের শেষ দিকে। পাকিস্তানের তখন দুই বলে ১২ রান দরকার ছিল। রিশাদ হোসেনের একটি বল শাহিন শাহ আফ্রিদির পায়ের কাছে পড়ে বাঁক নিয়ে বেরিয়ে যায়। আম্পায়ার ওয়াইড সিগন্যাল করেন। কারণ বলটি লেগের দিকে চলে গিয়েছিল। কিছুক্ষণ আলোচনার পর বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ নেয়। খালি চোখে বলটি আফ্রিদির শরীরের কাছেও ছিল না।

স্বাভাবিক নিয়ম হলো রিপ্লে দেখা যাওয়ার আগেই রিভিউয়ের সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু পাকিস্তান যুক্তি দিচ্ছে যে স্টেডিয়ামের বিগ স্ক্রিনে বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার রিপ্লে দেখানো হয়েছিল। এতে বাংলাদেশ রিভিউ নেওয়ার সংকেত পেতে পারে। পাকিস্তান আরও অভিযোগ করেছে, ১৫ সেকেন্ডের নির্ধারিত সময়ের বাইরে রিভিউ নেওয়া হয়েছে। তবে সম্প্রচারে কোনো টাইমার না থাকায় এটা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ডিআরএসে হকআই পরীক্ষায় দেখা যায় বল ব্যাটের নিচের কোণ ছুঁয়েছে। ফলে ওয়াইড নয় বরং বল ব্যাটে লেগেছে। বাংলাদেশ রিভিউ হারায়। কিন্তু ওয়াইডের সিদ্ধান্ত পাল্টে যায় এবং শেষ বলে ১২ রানের সমীকরণ দাঁড়ায়। শেষ বলে আফ্রিদি স্টাম্পড হন এবং হতাশায় ব্যাট স্টাম্পের উপর দিয়ে সরিয়ে নেন। বাংলাদেশ ১১ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ রেফারির কাছ থেকে ঠিক কী চাইছে তা এখনো স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, অন্তত একটি প্রকাশ্য স্বীকারোক্তি চাইছে যে ভুল হয়েছে।

এটি টানা দুই ম্যাচে পাকিস্তানের বিতর্কিত অভিজ্ঞতা। দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগার রানআউটের ঘটনা নিয়েও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল পাকিস্তান। মেহেদী হাসান মিরাজকে বল দিতে গিয়ে ক্রিজের বাইরে থাকায় রানআউট হয়েছিলেন সালমান। সেই ঘটনায় উত্তপ্ত বাক্য বিনিময় ও ব্যাট-গ্লাভস ছুড়ে মারার কারণে সালমানকে একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিরাজকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *