বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ১ বছরের নাতিদীর্ঘ প্রেম শেষে তিনি বিয়ে করতে চলেছেন আরেক বলিউড অভিনেতা ধানুশকে।
সাম্প্রতিক ফ্রি প্রেস জার্নালের বরাত ধরে নিউজ১৮ জানিয়েছে এই খবর। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি তারা বিয়ে করতে পারেন। এই বিয়ে হবে একান্ত ব্যক্তিগত আয়োজন। সেখানে থাকবেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
এই খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত ধানুশ বা ম্রুণাল কেউই বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেননি।
ধানুশ ও ম্রুণালের প্রেমের গুঞ্জন নতুন নয়। ২০২৫ সালের আগস্টে ম্রুণালের ছবি ‘সন অব সরদার ২’-এর প্রিমিয়ারে দুজনকে একসঙ্গে দেখা যায়। এর আগেও ধানুশের ছবি ‘তেরে ইশ্ক মেঁ’-এর র্যাপ পার্টিতে ম্রুণালের উপস্থিতি নজর কাড়ে। ম্রুণাল ধানুশের দুই বোন ডা. কার্তিকা কার্তিক ও বিমলা গীথাকে ইনস্টাগ্রামে ফলো করেন।
এক সময় নিউজ১৮কে এক বিশ্বস্ত সূত্র তাদের সম্পর্কের কথা নিশ্চিত করে বলেছিল, ‘হ্যাঁ, এটা সত্য যে তারা ডেট করছে। তবে সম্পর্কটা নতুন। তারা এখনই প্রকাশ্যে আনতে চায় না। তারা বাইরে গেলে বা একসঙ্গে দেখা গেলে তাতে তারা অস্বস্তিতে নেই। বন্ধুরা তাদের খুব সমর্থন করছে। মূল্যবোধ ও ভাবনায় তাদের বেশ মিল।’
তবে পরে ম্রুণাল এই গুঞ্জন নিয়ে কথা বলেন। তিনি জানান, ধানুশ তার কাছে ‘শুধু একজন ভালো বন্ধু’।
ধানুশের আগে বিয়ে হয়েছিল ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে। ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২২ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। ২০০৩ সালের ছবি ‘কাধাল কন্ডেন’-এর শুটিংয়ে তাদের পরিচয় হয়। তাদের দুই ছেলে আছে। একজন যাত্রা, অন্যজন লিঙ্গা।

