১১ ফেব্রু ২০২৬, বুধ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই অলরাউন্ডার ব্রেসওয়েল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে হারানোর পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও বড় জয় তুলে নেয় কিউইরা। তবে টানা দুই জয়ের মাঝেই বড় ধাক্কা খেল দলটি। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

বাঁ পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, স্ক্যান রিপোর্টে চোটের বিষয়টি নিশ্চিত হয়েছে। গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথম এই চোট পান ব্রেসওয়েল। সে ম্যাচে ২৮ রান করার পর আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। ফলে পরবর্তী পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না দলে।

সম্প্রতি ওয়ার্ম-আপ সেশনে পুরোনো চোটের জায়গায় আবারও ব্যথা অনুভব করেন ব্রেসওয়েল। এরপর পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হয়, বিশ্বকাপের বাকি অংশে তার খেলা সম্ভব নয়। এর আগেও গোড়ালির চোটের কারণে অস্ত্রোপচার করিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন এই অলরাউন্ডার।

ব্রেসওয়েলের পরিবর্তে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল দলে ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার কোল ম্যাককনচি। নিউজিল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়া ম্যাককনচির ইকোনমি রেট ৭.২৯। এছাড়া তার ঝুলিতে রয়েছে ৬টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতাও। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রয়েছেন পেসার বেন সিয়ার্স।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার ব্রেসওয়েলের অনুপস্থিতিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, বিশ্বকাপের মতো বড় আসর থেকে ছিটকে পড়া যেকোনো খেলোয়াড়ের জন্যই কষ্টের। একই সঙ্গে তিনি ম্যাককনচির অভিজ্ঞতা ও অলরাউন্ড সামর্থ্যের প্রশংসা করেন।

দুই ম্যাচে টানা জয় পাওয়া নিউজিল্যান্ড আগামী ১৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *