১৩ ফেব্রু ২০২৬, শুক্র

ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। ব্রেন্টফোর্ডের মাঠে বিবর্ণ ফুটবল খেলে ১-১ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল।

বৃহস্পতিবারের ম্যাচে দ্বিতীয়ার্ধে ননি মাদুয়েকের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে স্বাগতিকদের হয়ে কিন লুইস-পটার সমতা ফেরান, ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরা হয়নি লন্ডনের ক্লাবটির।

ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রাখলেও আর্সেনাল কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। তারা মোট সাতটি শট নেয়, যার দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে ব্রেন্টফোর্ড ১১টি শট নেয়, তিনটি ছিল লক্ষ্যে।

ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগ পায় আর্সেনাল। ডেক্লান রাইসের ক্রসে গ্যাব্রিয়েল মাগালিয়াইস হেড করলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। ২২তম মিনিটে ইগো চিয়াগোর হেড দারুণ দক্ষতায় ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।

প্রথমার্ধে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে পিয়েরো ইনকাপিয়ার ক্রস থেকে দারুণ হেডে গোল করেন মাদুয়েকে।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৭১তম মিনিটে থ্রো-ইন থেকে সেপ ফন ডেন বের্গের ফ্লিক পেয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন লুইস-পটার।

শেষ দিকে জয়ের সুযোগ পেয়েছিল ব্রেন্টফোর্ড। ৮৮তম মিনিটে চিয়াগো একক প্রচেষ্টায় এগিয়ে গেলেও সুযোগ নষ্ট করেন। যোগ করা সময়েও দুটি ভালো সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। অন্যদিকে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট দারুণভাবে রুখে দেন ব্রেন্টফোর্ড গোলরক্ষক।

২৬ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫৭। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ব্রেন্টফোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *