১১ ফেব্রু ২০২৬, বুধ

দ্বিতীয়বার বাবা হলেন দক্ষিণী মেগাস্টার রাম চরণ। তার ও উপাসনা কোনিদেলার ঘরে এলো নতুন অতিথি। তবে এবার আনন্দ দ্বিগুণ; রাম চরণের স্ত্রী উপাসনা যমজ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের কোল আলো করে এলো একটি ছেলে ও কন্যাসন্তান।
রোববার (১ ফেব্রুয়ারি) বড় মেয়ে ক্লিন কারাকে সঙ্গে নিয়ে স্ত্রী ও সন্তানদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন রামচরণ। এ সময় প্রিয় অভিনেতাকে একনজর দেখতে আগে থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন শত শত অনুরাগী। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় রামচরণকে কার্যত ঘিরে ধরেন ভক্তরা।

সেই ভিড় মুহূর্তেই বিশৃঙ্খলায় রূপ নেয়, যার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামার পরপরই ভক্তরা রামচরণকে ছেঁকে ধরেন। অনুরাগীদের প্রবল ধাক্কাধাক্কিতে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান অভিনেতা।

তার সঙ্গে নিরাপত্তারক্ষীরা থাকলেও ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তাদের। মেয়ে ক্লিন কারাকে কোনোমতে বুকের মাঝে জাপটে ধরে ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করেন রাম চরণ। এদিকে পরিবারে নতুন সদস্য আসার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন রাম চরণের বাবা ও কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী।

নাতি-নাতনি হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের কোল জুড়ে এসেছে এক ছেলে ও এক মেয়ে। মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন। আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত আনন্দের মুহূর্ত। সবার ভালোবাসা ও শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *