ভার্জিল ভ্যান ডাইকের ইতিহাস গড়া গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে লিভারপুল। লিগে লিভারপুলের জার্সিতে এটি তার ২৬০তম ম্যাচ এবং ২৩তম গোল। এর মাধ্যমে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোল করা ডিফেন্ডারের রেকর্ড এখন তার দখলে। এতদিন ২২ গোল নিয়ে শীর্ষে ছিলেন ফিনল্যান্ডের সামি হাইপিয়া, যিনি ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত ৩১৮ ম্যাচ খেলেছিলেন লিভারপুলের হয়ে।
সান্ডারল্যান্ডের বিপক্ষে ভ্যান ডাইকের একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের। সাম্প্রতিক ছন্দহীনতার মাঝে এই জয়ে কিছুটা স্বস্তি পেয়েছে দলটি। দুই ম্যাচ আগে ম্যানচেস্টার সিটির কাছে হারলেও এখন টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে অলরেডরা।
এদিকে, ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। অ্যান্তোনি সেমেনিও গোলের সূচনা করার পর নিকো ও’রেইলি ও এরলিং হল্যান্ডও নাম লেখান স্কোরশিটে।
হ্যাল্যান্ডের ৩৯ মিনিটের গোলটি ছিল বিশেষ মাইলফলক। এটি সিটির জার্সিতে তার ১৫৩তম গোল, যার ফলে তিনি ক্লাবের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। কিংবদন্তি কলিন বেলের পাশে এখন তার নাম—বেল ষাট ও সত্তরের দশকে প্রায় ৫০০ ম্যাচে ১৫৩ গোল করেছিলেন।
এই জয়ে শিরোপা লড়াইয়ে আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে সিটি। পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র তিনে। ২৬ ম্যাচে পেপ গার্দিওলার দলের পয়েন্ট ৫৩, আর এক ম্যাচ কম খেলা আর্সেনালের সংগ্রহ ৫৬। অন্যদিকে ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে লিভারপুল।

