মহান বিজয় দিবস উপলক্ষে ধানমণ্ডি সোসাইটির উদ্যোগে ধানমণ্ডিতে দুই দিনব্যাপী ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব ২০২৫’ শুরু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় ধানমণ্ডি ৪ নম্বর মাঠে ‘সমৃদ্ধি, শান্তি, ভালোবাসা’ স্লোগান নিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর প্রথম দিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত নানা সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের কর্মসূচিতে যা ছিল
মেলার উদ্বোধনের পর পবিত্র কোরআন তেলাওয়াত, শফিউদ্দিন শিল্পালয় আয়োজিত ছাপচিত্র প্রদর্শনী, শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে রিসাইকেল উপকরণ দিয়ে বিজ্ঞান প্রকল্প প্রদর্শন, ধানমণ্ডি সোসাইটির প্রামাণ্যচিত্র ও থিম সং পরিবেশন। সন্ধ্যায় আয়োজন করা হয় পাপেট শো ও ম্যাজিক শো। এরপর সংগীত পরিবেশন করে ছায়ানট। একক সংগীতে অংশ নেন রায়হানা মিশু। পরে মিল্টন ও অধরার সঙ্গীতানুষ্ঠান এবং রাত ৯টায় ব্যান্ড শোতে মঞ্চে ওঠে ‘লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন’। আয়োজকেরা জানান, ধানমণ্ডির সব বয়সী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই দুই দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় দিনের আয়োজনে (১৬ ডিসেম্বর) থাকছে
মহান বিজয় দিবসের দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত দিনব্যাপী আয়োজন চলবে।
সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। দিনভর থাকছে চিত্রকলা প্রদর্শনী, শিশুদের খেলার আয়োজন এবং ঐতিহ্যবাহী বায়োস্কোপ, সাপের খেলা, লাটিম খেলা, বাঁদর নাচ, মার্বেল খেলা, ভাগ্য গণনা, বিস্কুট দৌড়, হাঁড়ি ভাঙা ও রণপার মতো গ্রামীণ খেলাধুলা। সকাল ১১টায় শফিউদ্দিন শিল্পালয়ের আয়োজনে শিশুদের ছাপচিত্র কর্মশালা ও চারুকুঠি স্কুলের শিশুদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। বিকেলে নাটক ‘মাটির মহাজন’ (আরণ্যক), কবিতা আবৃত্তি ও স্বল্পদৈর্ঘ্য নাটিকা (ড্যানডেলায়ন্স), সুরভি স্কুলের নৃত্য পরিবেশনা থাকবে।
সন্ধ্যায় সোসাইটির সভাপতির বক্তব্য, প্রামাণ্যচিত্র ও থিম সং পরিবেশন, গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান, সোসাইটির নিরাপত্তাকর্মীদের উপহার বিতরণ এবং স্পনসরদের ক্রেস্ট প্রদান করা হবে। রাতে ম্যাজিক শো, ব্যান্ড শো (প্যান্ডোরা ও অবসকিউর), র্যাফেল ড্র এবং আতশবাজির মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।

