১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

মাইলস্টোন স্পোর্টস ফেস্টিভ্যালে ক্রিকেটার মুশফিক

গত বছরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংগঠিত ট্র্যাজেডির পর শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং জীবনে নতুন আনন্দময় স্মৃতির উদ্দেশ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘মাইলস্টোন স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৬’। খেলাধুলা, সহমর্মিতা এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আনন্দ ও অনুপ্রেরণা জোগানই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। যার আগমনে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠান শুরু হয় শিক্ষার্থীদের কণ্ঠে পরিবেশিত জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর শান্তি ও আশার প্রতীক হিসেবে আকাশে পায়রা উড়িয়ে দিনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

খেলার পর্বে মুশফিকুর রহিম শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নেমে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেন। পেশাদার প্রতিযোগিতার বাইরে এই ম্যাচটি শিশুদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস এবং অংশগ্রহণের অনুভূতি তৈরি করে। পরে সব শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয় একটি মিনি বল থ্রো গেম, যেখানে সবাই একসঙ্গে খেলায় অংশ নেয়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং মনোবলের প্রশংসা করে মুশফিক বলেন, আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো পেয়েছি সেই খেলাগুলো থেকে, যেগুলোতে আমি হেরেছিলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর যথেষ্ট ধৈর্য এবং আন্তরিকতার সঙ্গে দেন।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য বোর্ড গেম ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা ভবিষ্যতে তাদের শিক্ষা এবং মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *