অবশেষে মাঠে ফিরছেন রোনালদো। সৌদি প্রো লিগে আল-নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সব জল্পনা-কল্পনার ইতি টেনে আগামী ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে নামছেন পর্তুগিজ সুপারস্টার। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এমনটাই জানিয়েছে।
৪১ বছর বয়সী এই তারকা এরই মধ্যে আল-নাসরের দুটি ম্যাচে মাঠে নামেননি। তবে রোনালদোকে ছাড়াই আল-ইত্তিহাদ ও আল-রিয়াদের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় তুলে নেয় দলটি। তবুও দলের প্রধান মুখের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছিল ভক্তদের মনে।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে মতবিরোধের জেরেই মূলত ম্যাচ বয়কট করেছিলেন রোনালদো। ট্রান্সফার উইন্ডোতে আল-নাসর প্রত্যাশামতো শক্তি না বাড়ানোয় ক্ষুব্ধ ছিলেন তিনি।
সেই অসন্তোষ আরও তীব্র হয়, যখন পিআইএফ-সমর্থিত আরেক ক্লাব আল-হিলাল জানুয়ারির দলবদলে আল-ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে টেনে নেয়। নিজের সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থের এই দলবদলকে আল-নাসরের প্রতি অবহেলা হিসেবেই দেখেছিলেন রোনালদো। তবে শেষ পর্যন্ত সমঝোতার পথেই হাঁটেছে দুই পক্ষ।
সূত্র জানায়, পিআইএফ রোনালদোর প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পরই মাঠে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। আল-নাসরের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং ক্লাব পরিচালনায় শীর্ষ কর্মকর্তাদের আগের মতো স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহো ও সিইও হোসে সেমেদো আবার সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে পারবেন।
চলতি মৌসুমে এখন পর্যন্ত আল-নাসরের জার্সিতে ২২ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ১৮ গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্ট। লিগ টেবিলে আল-নাসর বর্তমানে রয়েছে দ্বিতীয় স্থানে-চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

