খেলার শেষ তিন মিনিটে দ্বিতীয় গোল করে এগিয়ে গিয়েছিল মার্শেই। ইনজুরি সময়ের বেশির ভাগজুড়েই তারা লিড ধরে রাখার আশা জাগিয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে পিএসজি সমতা ফেরালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে জয় পেয়ে মার্শেইর ১৪ বছরের ট্রফি খরা কাটানোর স্বপ্ন ভেঙে দেয় প্যারিসের ক্লাবটি।
কুয়েতে অনুষ্ঠিত ফরাসি সুপার কাপের ম্যাচে নাটকীয় এই জয় তুলে নেয় পিএসজি। ম্যাচের ১৩তম মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ম্যাসন গ্রিনউড গোল করলে সমতায় ফেরে মার্শেই। ৮৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে হামেদ ত্রাওরের পাঠানো ক্রসে পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মার্শেই।
পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পিএসজি। স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে গনসালো রামোসের গোলে ম্যাচে সমতা ফেরায় তারা। পরে টাইব্রেকারে পিএসজি গোলকিপার লুকাস শেভালিয়ের প্রথম দুটি শট ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন। শেষ পর্যন্ত দেসিরে দুয়ের নেওয়া জয়সূচক পেনাল্টিতে উচ্ছ্বাসে ভাসে গত মৌসুমের দ্বৈত শিরোপাজয়ীরা।
নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হওয়ায় মার্শেইর হতাশা ছিল চোখে পড়ার মতো। টাইব্রেকারে পরাজয়ের পর ১৪ বছরে প্রথম ট্রফি জয়ের সুযোগ হারিয়ে অনেক খেলোয়াড়ই কান্না সামলাতে পারেননি। এই জয়ের মাধ্যমে পিএসজি গত ১৪টি ফরাসি সুপার কাপের মধ্যে ১৩টিতেই শিরোপা নিজেদের করে নিল।

