২ মার্চ ২০২৬, সোম

রোববার মেজর লিগ সকারের ফ্লোরিডা ডার্বিতে বড় জয় পেল ইন্টার মিয়ামি। ২-০ গোলে পিছিয়ে থেকেও তারা ৪-২ ব্যবধানে হারায় অরল্যান্ডো সিটিকে। জোড়া গোল করে লিওনেল মেসি এই জয় এনে দেন দলকে।

গেল সপ্তাহে মৌসুমের প্রথম ম্যাচে হেরেছিল মিয়ামি। তাই এই ম্যাচে চাপ ছিল। অরল্যান্ডোর মাঠে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা।

১৮ মিনিটে গোল করেন মার্কো পাসালিচ। মাঝমাঠে বল হারায় মিয়ামি। সেই সুযোগ নেয় অরল্যান্ডো। ইভান আনগুলোর ক্রস থেকে নিচু শটে বল জালে জড়ান পাসালিচ।

ছয় মিনিট পর ব্যবধান বাড়ান মার্তিন ওদেখা। ডান দিক দিয়ে দৌড়ে উঠে বল বাড়ান গ্রিফিন ডরসি। ওদেখা সহজ ফিনিশে করেন দ্বিতীয় গোল। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় অরল্যান্ডো।

এরপরই ঘুরে দাঁড়ায় মিয়ামি। রদ্রিগো দে পল দূর থেকে জোরালো শট নেন। ২৮ মিনিটে তার শট ঠেকান অরল্যান্ডোর গোলরক্ষক। কিছুক্ষণ পর বক্সের ভেতর থেকে মেসির শটও দারুণভাবে বাঁচান গোলরক্ষক ক্রেপো।

বিরতির পর বদলে যায় ম্যাচের ছবি। ৪৯ মিনিটে বদলি নেমে গোল করেন মাতেও সিলভেতি। প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে তিনি ব্যবধান কমান। ৫৭ মিনিটে সমতা ফেরান মেসি। বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ে দারুণ শট নেন। বল জালে জড়ায়। স্কোর হয় ২-২।

৮৫ মিনিটে এগিয়ে যায় মিয়ামি। মেসি সুন্দর পাস বাড়ান তেলাসকো সেগোভিয়াকে। তার কোণাকুণি শটে ম্যাচে তো বটেই, ১৭৫ মিনিট খেলার পর চলতি মৌসুমের এমএলএসে প্রথমবারের মতো এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিয়ামি।

৯০ মিনিটে অরল্যান্ডোর কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন মেসি। দূর থেকে নেওয়া নিচু ফ্রি-কিক গোলরক্ষকের নিচ দিয়ে জালে ঢুকে যায়। এতে নিশ্চিত হয় ৪-২ গোলের জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *