নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউডের অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান। এবার সংগীতকে আড়াল করে রুপালি পর্দায় অভিষেক হতে চলেছে তার। সংগীতের আঙিনা মাতিয়ে অভিনেতা হিসেবে নিজেকে ধরা দিচ্ছেন সংগীতাঙ্গনের এ জনপ্রিয় সংগীতশিল্পী। বছরের প্রথম দিনেই সামাজিক মাধ্যমে এ খবরটি নেটিজেনদের মাঝে প্রকাশ্যে আসতে তৈরি হয়েছে কৌতূহল।
এআর রহমান অভিনয়ের পাশাপাশি এ সিনেমায় পাঁচটি গানও গেয়েছেন। যেহেতু সিনেমায় ‘ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন’খ্যাত প্রভু দেবা রয়েছেন, তাই এতে উচ্চমানের নাচের দৃশ্য থাকবে তা নিশ্চিত। তবে দর্শককে চমকে দেওয়ার মতো বেশ কিছু দৃশ্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্টরা।
গত বছর থেকে গুঞ্জন— এক ভিন্ন অবতারে দেখা যাবে এআর রহমানকে। এবার ‘মুনওয়াক’সিনেমায় তার অভিনয়ের খবর আসতে নিশ্চিত হওয়া গেল বিষয়টি। কমেডি ঘরানার ‘মুনওয়াক’ সিনেমাটি পরিচালনা করছেন মনোজ এনএস। প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘বিহাইন্ড উডস প্রোডাকশন।
এ বিষয়ে গণমাধ্যমকে পরিচালক মনোজ এনএস জানিয়েছেন, সিনেমায় রহমানকে কিছুটা ‘অ্যাংরি ইয়াংম্যান’ ঘরানার এক পরিচালকের চরিত্রে দেখা যাবে। চরিত্রটি কাল্পনিক হলেও এতে গল্পের গুরুত্বপূর্ণ মোড় রয়েছে।
তিনি বলেন, ছবির গান রেকর্ডিংয়ের পর যখন আমি তাকে অভিনয়ের প্রস্তাব দিই এবং চরিত্রটি সম্পর্কে বিস্তারিত বলি— তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। শুটিং সেটে তাকে দারুণ প্রাণবন্ত ও সাবলীল অভিনয় করতে দেখা গেছে।

