আগেই অনুমোদন পাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। গত ১ জানুয়ারি থেকে কার্যকর চুক্তিতে রয়েছেন ২৮ জন ক্রিকেটার। গতবার ছিলেন ২২ জন। এ, বি, সি ও ডি-এই চারটি গ্রেডে ভাগ করা হয়েছে তাদের। চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।
এ-গ্রেডে রয়েছেন চার ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদ। প্রত্যেকে মাসে আট লাখ টাকা বেতন পাবেন।
বি-গ্রেডে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এই গ্রেডভুক্ত ক্রিকেটাররা প্রতি মাসে পাবেন ছয় লাখ টাকা করে।
চার লাখ প্রতিমাসে বেতনে ছয়জন ক্রিকেটার ঠাঁই পেয়েছেন সি-গ্রেডে। তারা হলেন-সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
ডি-গ্রেডে অন্তর্ভুক্ত সাতজন খেলোয়াড় হলেন-সাইফ হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান সোহান। তারা বেতন পাবেন প্রতি মাসে দুই লাখ টাকা করে।
গত বছর এ-প্লাস গ্রেডে ছিলেন তাসকিন। তিন সংস্করণে নিয়মিত না খেলায় তাকে এবার রাখা হয়েছে এ-গ্রেডে। মুশফিকুর রহিম গত বছর এ-গ্রেডে ছিলেন। ওয়ানডে থেকে অবসর নেওয়ায় বি-গ্রেডে নেমে যান তিনি। বর্তমানে শুধু টেস্ট ক্রিকেট খেলছেন মুশফিক। গতবারের চুক্তি থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। নতুন করে যুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান, পারভেজ হোসেন, নাঈম হাসান, শামীম হোসেন ও হাসান মুরাদ। মাহমুদউল্লাহ গতবার চুক্তিতে থাকলেও পরে নিজেকে সরিয়ে নেন। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মার্চ মাস থেকে তাকে আর চুক্তিতে রাখা হয়নি।
কোন গ্রেডের ক্রিকেটারের কত বেতন
গ্রেড-এ (আট লাখ টাকা) : নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদ।
গ্রেড-বি (ছয় লাখ টাকা) : মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী
হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
গ্রেড-সি (চার লাখ টাকা) : সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান ও খালেদ আহমেদ।
গ্রেড-ডি (দুই লাখ টাকা) : সাইফ হাসান, পারভেজ হোসেন, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান সোহান।

