প্রচন্ড শীত আর উত্তরীয় হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে এ জেলার তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ফলে জেলার মানুষ পড়েছেন চরম বিপাকে। বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী ও চরাঞ্চলের মানুষ। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবল চন্দ্র সরকার জানান, চার দিন ধরে জেলার তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে ওঠানামা করছে। গতকাল সকালে জেলার তাপমাত্রা ১১ দশমিক ৮২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ক্রমেই শীতের প্রকোপ বাড়ছে। প্রতিদিন বিকাল থেকে পরের দিন সকালে সূর্য উঠা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে গোটা জনপদ। রাতে কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়ে মানুষ। রাতে লেপ কম্বল দিয়েও ঠান্ডা নিবারণ হচ্ছে না। মানুষ খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। কুড়িগ্রাম পৌর এলাকার জেলা জজকোর্ট মোড়ে ফুটপাতের দোকানে যাত্রাপুর থেকে শীতের কাপড় কিনতে আসা মহিতুল্লাহ জানান, এত ঠান্ডা পড়ছে বাল বাচ্চা নিয়া খুব কষ্টে আছি। কম দামে গরম কাপড় কিনতে এসেছি। কিন্তু গত বছরের চেয়ে দাম অনেক বেশি। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, এ পর্যন্ত আমরা শীতার্তদের জন্য ১৮ হাজার কম্বল পেয়েছি। উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে দ্রুতই বণ্টন করা হবে।

