৩ মার্চ ২০২৬, মঙ্গল

১০ জনের গেতাফের কাছে হেরে রিয়াল মাদ্রিদের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা

মার্তিন সাত্রিয়ানোর দুর্দান্ত ভলিতে যে স্তব্ধ হলো রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউ, তা আর জাগাতে পারল না কোনো কিছুই। শেষমেশ ১০ জনের দল নিয়েও লা লিগায় রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের হার উপহার দেয় গেতাফে। আর তাতেই শিরোপা স্বপ্নে বিশাল বড় ধাক্কা খেয়ে গেছে রিয়াল।
সোমবার রাতের ম্যাচে শুরু থেকেই বল দখলে ছিল রিয়াল। তারা খেলাও নিয়ন্ত্রণ করছিল। কিন্তু গোল পাচ্ছিল না একের পর এক সুযোগ নষ্ট করে।

১৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র দারুণ সুযোগ পান। কাউন্টার অ্যাটাকে একা এগিয়ে যান। কিন্তু গোলরক্ষক দাভিদ সোরিয়া ডান পায়ে ঠেকান। ২৪ মিনিটে আবার সোরিয়া বাঁচান। আর্দা গুলের তিন ডিফেন্ডার কাটিয়ে শট নেন। সোরিয়া এক হাতে তা ঠেকান।

একের পর এক গোল মিসের খেসারতটা রিয়াল দেয় ৩৯ মিনিটে, ধারার বিপরীতে গোল করে বসে গেতাফে। বক্সের বাইরে আধা ক্লিয়ার করা বল পেয়ে জোরালো ভলি নেন সাত্রিয়ানো। বল জালে জড়ায়। গোলরক্ষক থিবো কোর্তোয়া কিছুই করতে পারেননি।

জানুয়ারিতে অলিম্পিক লিওঁ থেকে ধারে এসে এটি ছিল সাত্রিয়ানোর সপ্তম ম্যাচ। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

বিরতির আগে দর্শকরা দুয়ো দেয়। দ্বিতীয়ার্ধে বদলি নামানো হয়। তবু দলের চেহারা বদলায়নি। রিয়াল আক্রমণ চালায়। কিন্তু গেটাফের পাঁচ জনের রক্ষণ ভাঙতে পারেনি।

শেষ দিকে উত্তেজনা বাড়ে। বদলি নেমে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো সরাসরি লাল কার্ড দেখেন। আদ্রিয়ান লিসোকেও লাল কার্ড দেওয়া হয়। ১৮ বছরে এই প্রথমবার গেটাফের কাছে ঘরের মাঠে হারল রিয়াল।

ইনজুরির কারণে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও এদার মিলিতাও খেলেননি। তাই দলে নতুনদের জায়গা করে দিয়েছিলেন আরবেলোয়া। ১৮ বছরের মিডফিল্ডার থিয়াগো পিতার্চ প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান। তবে কেউই কোচের আস্থার প্রতি সুবিচার করতে পারেননি।

এই ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬৪। রিয়ালের ৬০। লা লিগার ম্যাচ বাকি আছে আর মাত্র ১২টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *