১১ ফেব্রু ২০২৬, বুধ

৪৪ জেলায় শৈত্যপ্রবাহ – সাতক্ষীরায় ৫০ বছরে সর্বনিম্ন তাপমাত্রা

দেশজুড়ে তীব্র শীতকুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবনসাতক্ষীরায় ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছেআবহাওয়া অধিদপ্তর জানিয়েছে-টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ৪৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশেই শীতে জবুথবু সাধারণ মানুষ। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ খুব কষ্টে আছেন। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর চাপ। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সাতক্ষীরায় তাপমাত্রা কমার রেকর্ড : জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, এবার জেলায় সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে বুধবার ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই গত ৫০ বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯৮ শতাংশের উপরে। বিগত বছরগুলোতে জেলার সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ১২ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকত। তিনি বলেন, মূলত বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে জেলায় গেল দুদিন ধরে সূর্যের দেখা মেলেনি বললেই চলে। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র শীতে গরম কাপড় পরার পাশাপাশি পরিষ্কার পানি পান করা জরুরি। পাশাপাশি টাটকা খাবার খেতে হবে।

সৈয়দপুরে কুয়াশায় ঢাকা চারপাশ : নীলফামারীর এ উপজেলায় ৭ দিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছিল। বুধবার সকাল সাড়ে ৭টায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন ফুচকা বিক্রেতা তৈমুর জানান, ২ দিন ধরে সূর্যের দেখা মেলেনি। চারদিকে কুয়াশার চাদর। প্রচণ্ড ঠান্ডায় বেচাকেনা কমে গেছে তার। ঠান্ডায় তার নিজেরও হাত-পা অবশ হয়ে যাচ্ছে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, আগামী ৩-৪ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।

রাজশাহীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ : বুধবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ২০০ শয্যার বিপরীতে বুধবার পর্যন্ত ভর্তি হয়েছেন ২ হাজার ৫৩৭ জন রোগী। রামেক হাসপাতালের ডা. শংকর কুমার বিশ্বাস জানান, অধিকাংশ রোগীই শিশু ও বয়স্ক। প্রতিদিন নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও শ্বাসকষ্টে ভোগা বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে।

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ : তেঁতুলিয়া আবহাওয়াকেন্দ্রের তাপমান যন্ত্রে বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। ভোর থেকেই ঘন কুয়াশায় আচ্ছাদিত ছিল পুরো এলাকা। বৃষ্টি বিন্দুর মতো ঝরে কুয়াশা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হননি। শীতে চরম বিপাকে পড়ছেন ছিন্নমূল অসহায় মানুষ। দুবেলা ভাতের জন্য অনেকে মহানন্দা, করতোয়া ও ডাহুক নদীতে ঠান্ডা পানিতে নেমে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। এছাড়া পঞ্চগড়ের কয়েকশ চা বাগানে কর্মরত শ্রমিকরা কাকডাকা ভোরে ঘন কুয়াশা উপেক্ষা করে পাতা তুলতে বের হন।

দুই মাসে রকেম হাসপাতালে ১৮ জনের মৃত্যু : শৈত্যপ্রবাহ আর কুয়াশার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরসহ পুরো উত্তরাঞ্চল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত দুই মাসে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বরিশালের জনজীবন বিপর্যস্ত : তীব্র শীতে বরিশালের জেলা-উপজেলার জনজীবন দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বিপর্যস্ত হয়ে আছে। বুধবার বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার সূর্যের আলো থাকার পাশাপাশি বাতাস বয়ে না যাওয়ায় অন্যান্য দিনের চেয়ে কম শীত অনুভূত হয়েছে।

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ : বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অফিস জানায়, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছেন জেলার কয়েক লাখ দরিদ্র মানুষ।

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কৃষক নাজমুল বলেন, কনকনে ঠান্ডায় বীজতলার চারাগুলো লালচে ও কুঁকড়ে গেছে। চারা ভালো না হলে আমরা ধান লাগাব কি দিয়ে। এদিকে শীতের কারণে কয়েকদিন ধরে জ্বর, সর্দি, অ্যাজমা, হাঁপানি ও ডাইরিয়াজনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে।

ঠাকুরগাঁও ৩ দিন পর রোদের দেখা পেল : ৩ দিন পর বুধবার সকালে ঝলমলে রোদে ভাসল সীমান্তঘেঁষা এই জেলা। এর আগে ৭২ ঘণ্টা ধরে কুয়াশার চাদরে ঢাকা ছিল। হাড় কাঁপানো শীত আর হিমেল হাওয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছিল জনজীবন। এদিন বেলা ১১টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। অটোচালক নজরুল বলেন, সূর্যের মুখ দেখে প্রাণে শান্তি পেলাম। আমাদের মতো খেটে খাওয়া মানুষের কাছে বৈরী আবহাওয়া অভিশাপের মতো।

শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল বন্ধ : ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে এ নির্দেশনা দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *