৩০ এপ্রি ২০২৬, বৃহঃ

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ো বাতাসসহ বজ্রবৃষ্টির শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হতে পারে বজ্রপাত। সেইসঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজর জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই বাতাস হতে পারে। বজ্রপাতের পাশাপাশি বৃষ্টিও হতে পারে। এমন পরিস্থিতিতে সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশেপাশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৬৫ মিলিমিটার। বৃষ্টির এই ধারার প্রভাবে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০.১ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *