১ মে ২০২৬, শুক্র

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, মেঘনায় দুই মাসে ২০৯ জেলের কারাদণ্ড

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২০৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনে জেলেদের কাছ থেকে ৪ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।

প্রতিবেদন থেকে জানা গেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ৬০৯টি অভিযান পরিচালনা করে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

আটক জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করার জন্য ৩৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দুই মাসের অভিযানে জব্দ করা হয় ৫.০৩৫ মেট্রিক টন জাটকা ও ০.৭৪২ মেট্রিক টন অন্যান্য প্রজাতির মাছ। ইলিশ মাছ ধরার জাল ০.০২০ লাখ মিটার, কারেন্ট জাল ১১.৭৭৮ লাখ মিটার এবং অন্যান্য জাল ০.৩২৮ লাখ মিটার।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলায় জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে জেলে আটকের ঘটনায় মামলা হয়েছে ২৩৭টি। মতলব উত্তর উপজেলায় জব্দকৃত নৌকা নিলামে বিক্রি হয় ২৮ হাজার টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় জেলা ও উপজেলা টাস্কফোর্স দিন ও রাতে অভিযান পরিচালনা করেছে। এর ফলে জাতীয়ভাবে ইলিশের যে ৬ লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা, তা অর্জনে সহায়ক হবে। আর এর সুফল পাবে জাটকা ধরা থেকে বিরত থাকা উপকূলীয় এলাকার জেলেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *