২ মে ২০২৬, শনি

ইরফান সাজ্জাদের অভিনয় হৃদয় ছুঁয়েছে অপূর্বর

ঘটনাটা আজ থেকে ৯ বছর আগের অর্থাৎ ২০১৭ সালের। মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ টেলিফিল্মটি পুরো দেশবাসীকে কাঁদিয়েছিল। দীর্ঘ সময় পর বর্তমান সময়ের আলোচিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকদের মনে সেই একই আবেগের পুনরাবৃত্তি ঘটিয়েছে।

বিশেষ করে নাটকের ৪৯ ও ৫০তম পর্ব দেখে সামাজিক মাধ্যমে অঝোরে কাঁদার কথা জানিয়েছেন দর্শকরা। নাটকের এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং ‘ফাহাদ’ চরিত্রে অভিনয় করা অভিনেতা ইরফান সাজ্জাদ, যার সাবলীল অভিনয় এখন নেটদুনিয়ায় চর্চার বিষয়।

নাটকের এই আবেগঘন মুহূর্তে স্বয়ং ‘বড় ছেলে’ খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কাছ থেকে ফোন পেয়ে আপ্লুত হয়েছেন ইরফান সাজ্জাদ। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে ইরফান জানান, অপূর্ব তাকে ফোন করে অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। অপূর্ব তাকে উদ্দেশ করে বলেন, তুই যে ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস জানা ছিল না, খুবই ভালো করেছিস। আমাদের দেশের দর্শকদের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে।

অগ্রজ অভিনেতার এমন অনুপ্রেরণামূলক ফোন কলকে ইরফান তার ক্যারিয়ারের অন্যতম অমূল্য প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন।

ইরফান তার পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে আরও লেখেন, ‘বড় ছেলে’ দেখে মানুষ যেভাবে শেষবার কেঁদেছিল, এই নাটকটি আবারও সেই পরিবেশ তৈরি করেছে। তিনি মনে করেন, অপূর্বর মতো একজন গুণী অভিনেতা সময় বের করে তাদের কাজ দেখেছেন এবং জুনিয়রদের এভাবে উৎসাহ দিয়েছেন, যা তার কাজের সাহস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

জিয়াউল ফারুক অপূর্বর প্রতি ভালোবাসা জানিয়ে ইরফান লেখেন, বড় ভাই হিসেবে তার এই মহৎ গুণ সত্যিই প্রশংসনীয়।

পারিবারিক বন্ধন ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি এখন প্রায় শেষের পথে। গত বছরের ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই নাটকে ইরফান সাজ্জাদ ছাড়াও অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার ও মনিরা আক্তার মিঠুর মতো জনপ্রিয় তারকারা।

নির্মাতা রাজ জানিয়েছেন, দর্শকদের ব্যাপক অনুরোধে ৫২ পর্বের এই ধারাবাহিকটির শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে, যা চ্যানেল আই ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *