৫ মে ২০২৬, মঙ্গল

তামিলনাড়ুতে বাজিমাত থালাপতির

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় রুপালি পর্দার মতোই এখন দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির ময়দান। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার সর্বশেষ তথ্যানুযায়ী, বিজয়ের নবগঠিত দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) অভাবনীয় সাফল্যের পথে রয়েছে। সূত্র : এনডিটিভি

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই রাজ্যে দশকের পর দশক ধরে চলা ডিএমকে এবং এআইএডিএমকের দ্বিমুখী আধিপত্যকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তিনি। রাজনীতি বিশ্লেষকদের মতে বিজয়ের এ জয়যাত্রা তামিল রাজনীতির এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১৭৪-এর বেশি আসনে এগিয়ে থেকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। অন্যদিকে রাজ্যে ক্ষমতাসীন ডিএমকে জোট এবং প্রধান বিরোধী দল এআইএডিএমকে অনেকটাই পিছিয়ে পড়েছে। অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ডিএমকের হেভিওয়েট প্রার্থীরাও থালাপতি বিজয়ের দলের প্রার্থীদের কাছে পিছিয়ে আছেন। বিজয়ের এ উত্থানে সবচেয়ে বেশি ধরাশায়ী হয়েছে শাসকদল ডিএমকে, যারা গত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল।

এদিকে আসামের ফলাফল অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জালুকবাড়ি কেন্দ্রে ভোট গণনা এগোতেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইভিএমের ১৮টির মধ্যে ১১তম রাউন্ড পর্যন্ত তিনি ৭৪,১০৫ ভোট পেয়ে ৫১,০০০-এর বেশি ব্যবধানে লিড নিয়েছেন। কংগ্রেস প্রার্থী বিদিশা নেওগ ২৩,০৪৩ ভোট পেয়ে অনেকটাই পিছিয়ে আছেন, আর স্বতন্ত্র দীপিকা দাস পেয়েছেন মাত্র ১,৩৬০ ভোট। ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার ফলাফল বলছে, কেরালায় ক্ষমতাসীন সিপিএম থেকে বড় ব্যবধানে এগিয়ে আছে কংগ্রেস।

অন্যদিকে পশ্চিমবঙ্গ-আসামে জয়ের পথে থেকে থাকলেও দক্ষিণের এই রাজ্যে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিজেপি। কেরালার বিধানসভায় আসন ১৪০টি। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত কেরালার বিধানসভা ছিল বামপন্থি দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) বা সিপিএমের দখলে। তবে এবারের নির্বাচনের ফলাফল যা দেখা যাচ্ছে, সিপিএমের শাসন শেষ হওয়ার পথে রয়েছে।

এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে এনডিএ ৫টি আসনে এগিয়ে রয়েছে। ডিএমকে ও কংগ্রেস জোট সেখানে ৩টি আসনে এগিয়ে আছে। পদুচেরির ৩০টি বিধানসভা আসনে এবার ভোটার ছিলেন ১০ লাখ ১৪ হাজার ৭০ জন। বিধানসভা নির্বাচনের পাশাপাশি নাগাল্যান্ড, কর্ণাটক ও ত্রিপুরার কয়েকটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *