২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ককটেল’ সিনেমা। হোমি পরিচালিত সেই সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ডায়না পেন্টি, সাইফ আলি খান প্রমুখ। সিনেমায় ভেরোনিকা চরিত্রে অভিনয় মুগ্ধ করেছিলেন দীপিকা।
এবার ‘ককটেল ২’ সিনেমায় অভিনয় করছেন দুই নায়িকা— রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন। গত কয়েক বছরে রাশমিকা মান্দানা অভিনীত প্রায় সবকটি সিনেমাই বক্স অফিসে সফল হয়েছে। যদিও সেগুলো অধিকাংশই নায়ককেন্দ্রিক সিনেমা। অন্যদিকে কৃতির সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা না করলেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
রাশমিকা মান্দানাকে নিয়ে কি নিরাপত্তাহীনতায় ভোগেন কৃতি শ্যানন? রাশমিকা মান্দানার সৌন্দর্যেরও অনুরাগী অনেক। পাল্লা দেন কৃতি শ্যাননও। কিন্তু একই সিনেমায় অভিনয় করতে গিয়ে কি রাশমিকা মান্দানাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন কৃতি? সম্প্রতি এক সাক্ষাৎকারে‘মিমি’খ্যাত অভিনেত্রী বললেন, নিরাপত্তাহীনতার কোনো প্রশ্নই নেই। বরং তিনি রাশমিকা মান্দানার প্রশংসায় পঞ্চমুখ।
কৃতি শ্যানন বলেন, রাশমিকা মান্দানাকে নিয়ে তার মনে কোনো ধরনের নিরাপত্তাহীনতা নেই। বরং তিনি তাকে খুব ভালো মনের মানুষ বলেই মনে করেন। শুটিংয়ের সময়ে তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে বলেও জানিয়েছেন কৃতি।
একসঙ্গে কাজ করতে গিয়ে তারা নানা বিষয় নিয়ে মজা করেছেন। কৃতি বলেন, রাশমিকা মান্দানার মধ্যে কোনো নেতিবাচকতা নেই। শুধু ভালোবাসা আর ইতিবাচক মানসিকতা রয়েছে। ও খুবই আন্তরিক ও ভালো মানুষ। ওকে আমি খুব ভালোবাসি।
এর আগেও রাশমিকা মান্দানার একটি সিনেমার মুক্তির সময়ে কৃতি সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যেও দুজনের বন্ধুত্ব নিয়ে আলোচনা শুরু হয়।
‘ককটেল ২’ সিনেমায় কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা ছাড়াও আরও দেখা যাবে শাহিদ কাপুরকে। সিনেমাটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এ সিনেমার গানের একটি দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। এতে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তবে নেটিজেনদের একাংশের মতে, এ সিনেমা কোনোভাবেই প্রথম ‘ককটেল’-কে ছাপিয়ে যেতে পারবে না।

