১৩ মে ২০২৬, বুধ

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৩

লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক সেনা সদস্য, এক শিশু এবং দুজন উদ্ধারকর্মী রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (১২ মে) দক্ষিণ লেবাননে ইসরাইলি এই হামলা চালায়। খবর এএফপির।

মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়া শহরে এক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া জেবচিতের কাছে আরেকটি হামলায় এক সেনা ও এক সিরীয় নাগরিকসহ চারজন নিহত হয়েছেন এবং বিন্ট জেবাইলে তৃতীয় হামলায় এক শিশু ও এক নারীসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরাইলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে।

ইসরাইলের অধিকাংশ বিমান হামলাই দক্ষিণ লেবাননে হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর গত ২ মার্চ প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়।

এর জবাবে ইসরাইল লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। মার্চের শুরুতে ইসরাইলি বাহিনী আবার দক্ষিণ লেবাননে প্রবেশ করে। সেখানে তারা বিভিন্ন গ্রাম ধ্বংস করে দিয়েছে এবং এখনো লেবাননের ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার এলাকা তারা দখল করে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *