১৫ মে ২০২৬, শুক্র

অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়ে যা বললেন মুশফিক

গেল মাসে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, ওয়ানডে দলে মুশফিকুর রহিমকে পেলে ভালোই লাগত তার। এরপর তাকে দলে ফেরার বার্তাও দেওয়া হয়েছিল, জানালেন মুশফিক নিজে। তবে সে দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান এ কথা। তিনি বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে…হ্যাঁ, অবশ্যই আমার কাছে এসেছিল বার্তা, আমি মনে করি যে বাংলাদেশ দল এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও এমন পর্যায়ে যাবে যে, আমার ওইরকম সার্ভিস দরকার হবে না।’

এর আগে মিরাজ গেল মাসে নিউজিল্যান্ড সিরিজের শুরুতে বলেছিলেন, ‘মুশফিক ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। ফিটনেস দেখলে বলা যায় আরও কিছু দিন খেলতে পারতেন তিনি। তবে যেহেতু অবসর নিয়ে ফেলেছেন, এই সিদ্ধান্তকে সম্মান করি। অধিনায়ক হয়ে কথা বলেছিলাম (ফেরার ব্যাপারে), যেহেতু টেস্ট খেলছেন।’

এরপর অবশ্য তিনিও বাস্তবতা মেনে নিয়ে বলেছিলেন, ‘অবসর যেহেতু নিয়ে ফেলেছেন, অধিনায়ক হিসেবে একার সিদ্ধান্ত তো না, সবার সিদ্ধান্তের বিষয় আছে। সবার আলোচনার একটা বিষয় ছিল। যেহেতু অবসর নিয়েছেন, এটাকে সম্মান করা উচিত।’

ওয়ানডে ক্রিকেটে মুশফিক খেলেছেন ২৭৪ ম্যাচে। ২৫৬ ইনিংসে তিনি রান করেছেন ৭৭৯৫। তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়।

উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন, বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্টাম্পিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *