বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বয়স আজ ৫৯ বছর পূর্ণ হলো। এই বয়সে এসেও তার ঝলমলে ত্বক আর স্বাস্থ্যোজ্জ্বল চুল ভক্তদের প্রতিনিয়ত মুগ্ধ করে। অনেক তারকা যেখানে জটিল ও ব্যয়বহুল বিউটি ট্রিটমেন্টের ওপর নির্ভর করেন, সেখানে মাধুরী দীক্ষিতের রূপচর্চার ধরন একেবারেই সাধারণ ও নিয়মিত। নিজের ইউটিউব চ্যানেলে ভক্তদের উদ্দেশ্যে তিনি ত্বক ও চুলের যত্নে তার দৈনন্দিন কিছু অভ্যাসের কথা শেয়ার করেছেন।
মাধুরী দীক্ষিতের মতে, সুন্দর ত্বকের আসল রহস্য লুকিয়ে আছে শরীরের ভেতরে। কোনো প্রসাধন ব্যবহারের আগে পুষ্টিকর খাবার খাওয়া এবং শরীর হাইড্রেটেড রাখা বা পর্যাপ্ত পানি পান করা সবচেয়ে জরুরি। তিনি বলেন, ত্বক সুস্থ রাখার জন্য আপনি কী খাচ্ছেন এবং কীভাবে মুখ পরিষ্কার করছেন—সবকিছুই সমান গুরুত্বপূর্ণ। ত্বক ও শরীর ময়েশ্চারাইজড রাখতে প্রচুর পরিমাণে পানি পান করুন।
মাধুরীর সকালের রূপচর্চা
১. ক্লিনজার: সকালের শুরুতেই একটি ভালো ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেন তিনি, যা ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে সতেজতা ফিরিয়ে আনে।
২. গোলাপ জলের টোনার: ক্লিনজিংয়ের পর টোনার ব্যবহার করেন মাধুরী। এক্ষেত্রে তাঁর প্রথম পছন্দ ভালো মানের গোলাপ জল।
৩. ভিটামিন সি সিরাম: ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে তিনি নিয়মিত ভিটামিন সি সিরাম ব্যবহার করেন।
৪. ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার: মাধুরী বলেন, ময়েশ্চারাইজার বেছে নেওয়া উচিত নিজের ত্বকের ধরন বুঝে। ত্বক তৈলাক্ত হলে ওয়াটার-বেসড (পানিপ্রধান) এবং শুষ্ক হলে ভারী ক্রিমের মতো ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।
৫. সানস্ক্রিন: সকালের রূপচর্চার শেষ ধাপে সানস্ক্রিন ব্যবহার করতে কখনোই ভোলেন না এই অভিনেত্রী।
রাতের ত্বকের যত্ন
১. মেকআপ পরিষ্কার করা: মাধুরীর মতে, মেকআপ না তুলে ঘুমাতে যাওয়া ত্বকের জন্য সবচেয়ে বড় ভুল। তিনি সাধারণত ক্লিনজিং বাম দিয়ে মেকআপ তোলেন। মাঝেমধ্যে মাইসেলার ওয়াটার ও ওয়াইপস ব্যবহারের পর একটি মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেন।
২. টোনার ও সিরাম: মুখ পরিষ্কারের পর রাতেও তিনি টোনার এবং ভিটামিন সি সিরাম ব্যবহার করেন।
৩. আই ক্রিম ও লিপ বাম: রাতের রূপচর্চার শেষ ধাপে ময়েশ্চারাইজারের পাশাপাশি চোখের নিচের যত্ন নিতে আই ক্রিম এবং ঠোঁটের জন্য লিপ বাম ব্যবহার করেন তিনি।
চুলের যত্নে ঘরোয়া প্যাক
ত্বকের পাশাপাশি চুলের যত্নেও একটি সহজ ঘরোয়া হেয়ার মাস্কের কথা জানিয়েছেন মাধুরী। পাকা কলা চটকে নিয়ে তার সঙ্গে নারকেল তেল ও মধু মিশিয়ে তিনি এই প্যাকটি তৈরি করেন।
মাধুরী জানান, কলা চুলকে গভীরভাবে পুষ্ট ও নরম করে। নারকেল তেল চুলের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় এবং মধু চুলের গোড়া মসৃণ করে ভলিউম বাড়াতে সাহায্য করে। প্রতি ২০ দিনে একবার তিনি এই প্যাকটি চুলে ব্যবহার করেন। তবে যাদের চুল বেশি রুক্ষ, তারা সপ্তাহে একবারও এটি ব্যবহার করতে পারেন।

