রাজধানীর মিরপুরের পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর কালশী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কালশী রোডের ফুলকলি ও আধুনিক মোড়ে সড়ক অবরোধ করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি হাসান বাসির। তিনি বলেন, কালশী সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে সন্ধ্যা থেকেই ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা মেনে নেওয়া হবে না। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা।
তাদের অভিযোগ, বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতার কারণেই দেশে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এ ঘটনায় মামলার প্রধান আসামি জাকির হোসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

