বাংলাদেশ সফর শুরুর ঠিক আগে অস্ট্রেলিয়া তাদের সাদা বলের দলে তিনটি পরিবর্তন এনেছে। ব্যক্তিগত কারণে সফর থেকে সরে দাঁড়িয়েছেন ট্র্যাভিস হেড। অন্যদিকে, গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মিচেল মার্শ ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন লেগস্পিনার তানভীর সংঘ।
এই পরিবর্তনের ফলে ম্যাট শর্ট ও ওলি পিক দলে সুযোগ পেয়েছেন। তানভীর সংঘের জায়গায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সাদা বলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন অফস্পিনার টড মার্ফি।
আইপিএলে অংশ নেওয়ার কারণে পাকিস্তান সফরে না থাকা ট্র্যাভিস হেডকে বাংলাদেশ সফরের দুই ফরম্যাটের দলেই রাখা হয়েছিল। তবে কাজের চাপ বিবেচনায় নিয়ে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলে তার পরিবর্তে কাকে নেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।
আইপিএলের সময় পাওয়া গোড়ালির চোটের কারণে পাকিস্তান সফরেও খেলতে পারেননি মিচেল মার্শ। বাংলাদেশ সফরে তার ফেরার আশা থাকলেও তিনি এখন কেবল টি-টোয়েন্টি সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন।
মার্শ ও হেডের অনুপস্থিতিতে এবং নিয়মিত অধিনায়ক না থাকায় জশ ইংলিস পাকিস্তান সফরের মতো বাংলাদেশ সফরেও ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন। মার্শ সময়মতো ফিট হতে না পারলে টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।
ওয়ানডে স্কোয়াড: জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট এবং অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপে, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।

