নীলফামারী জেলা সদরের কচুকাটায় মাছ ধরার জন্য পুকুরে সেচপাম্প বসাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১০ জুন) সকাল ৯টায় জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) ও পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। এ সময় মিঠু ইসলাম (৩০) নামের অপর একজন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি অপসারণ করে মাছ ধরার জন্য সেচ পাম্প (মটর) বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

