চলমান বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।
মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লাল কার্ড দেখার পর স্বয়ংক্রিয় এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে আরও দুই ম্যাচ যোগ করেছে ফিফার শৃঙ্খলা কমিটি। ফলে ৩৬ বছর বয়সী এই তারকা গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচ থেকেও ছিটকে গেছেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫ ম্যাচ খেলে ১২ গোল করা জোয়ানে দলের আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়।
গত ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৬১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। ম্যাচের ৮৪তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর মেক্সিকোর রবের্তো আলভারাদোর ওপর গুরুতর ফাউলের অভিযোগে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ফিফা ঘটনাটিকে ‘গুরুতর ফাউল’ হিসেবে বিবেচনা করে অতিরিক্ত দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার।
ম্যাচে জোয়ানের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। মাঠে নেমে তিনি মাত্র আটবার বল স্পর্শ করেন এবং পাঁচটি সফল পাস দেন। কোনো গ্রাউন্ড ডুয়েলেও জয় পাননি।
তবে লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। ম্যাচ শেষে তিনি বলেন, দ্বিতীয় লাল কার্ডটি নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে। তার দাবি, প্রতিপক্ষ খেলোয়াড়ই জোয়ানেকে বাধা দিচ্ছিলেন এবং ঘটনাটি সরাসরি লাল কার্ডের মতো গুরুতর ছিল না।
যদিও একই ম্যাচে বহিষ্কৃত আরেক ফুটবলার ফেলেলো সিথোলের লাল কার্ডকে যথার্থ বলে মেনে নিয়েছেন তিনি।
এখন দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন সমীকরণ। বৃহস্পতিবার আটলান্টায় চেক রিপাবলিকের বিপক্ষে মাঠে নামবে তারা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরে যাওয়া চেকদের বিপক্ষে জয় না পেলে নকআউট পর্বে ওঠার পথ আরও কঠিন হয়ে যাবে তাদের জন্য।

