নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বন্দরের ঝাউতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাথী (৩৮) একই এলাকার বাসিন্দা এবং স্বামী মো. জনি (৪০) পেশায় একজন সেলুন কর্মচারী।
পুলিশ জানায়, নিহত সাথী ও তার স্বামী জনি প্রায় পাঁচ বছর ধরে ওই বাসায় ভাড়া থেকে বসবাস করছিলেন। ঘটনার পর থেকে স্বামী জনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, স্থানীয় লোকজন থানায় খবর দেয় ঝাউতলা এলাকার একটি বাসায় এক নারীর মরদেহ পড়ে আছে এবং তার স্বামী পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

