২৩ জুন ২০২৬, মঙ্গল

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি, ডলারের শক্তিশালী অবস্থান এবং চলতি বছরই মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশার কারণে চাপ তৈরি হয়েছে স্বর্ণের বাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এতে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমেছে।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৪২.৬১ ডলারে নেমে আসে। আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১ শতাংশ কমে ৪,১৬০.২০ ডলারে দাঁড়ায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দাম কমায় স্বর্ণ কিছুটা সুবিধা পেলেও শক্তিশালী মার্কিন ডলারের কারণে সেই সুবিধা ধরে রাখতে পারছে না। ফেড সুদের হার বাড়াতে পারে—এই প্রত্যাশায় ডলারের মূল্য আরও বাড়ছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।

গত সপ্তাহে এক বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পরও ডলার শক্ত অবস্থানে রয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে।

এদিকে যুক্তরাষ্ট্র সোমবার থেকে ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। নবগঠিত শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর দামও কমেছে। স্পট সিলভারের দাম ৩.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩.০৫ ডলারে, প্লাটিনামের দাম ১.৯ শতাংশ কমে ১,৬৪৬.৩০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৮ শতাংশ কমে ১,২৪২.৭৫ ডলারে নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *