28 Jun 2026, Sun

জর্ডানের বিপক্ষে দুর্দান্ত ছন্দে বিশ্বচ্যাম্পিয়নরা, ২-০ ব্যবধানে এগিয়ে

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা। দুর্দান্ত ছন্দে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা খেলার ৩০ মিনিটেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে।

ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক দারুণ দক্ষতায় জালে জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। তার নিখুঁত শটে কোনো সুযোগই পাননি জর্ডানের গোলরক্ষক।

প্রথম গোলের পরও আক্রমণের ধার কমায়নি আর্জেন্টিনা। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণে জর্ডানের রক্ষণভাগকে চাপে রাখে তারা। সেই চাপের ফল আসে আরও একবার। খেলার ৩০ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্কালোনির শিষ্যরা।

এই ম্যাচে একাদশে বড় পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের শুরুর একাদশ থেকে মাত্র দুইজনকে রেখে নতুনভাবে দল সাজিয়েছেন তিনি। অধিনায়ক লিওনেল মেসিকেও শুরু থেকে মাঠে নামানো হয়নি। অভিজ্ঞ এই তারকাকে বেঞ্চে রেখেই ম্যাচ শুরু করে আর্জেন্টিনা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছিলেন, “লিও সম্ভবত দ্বিতীয়ার্ধে মাঠে নামবে।” তাই দ্বিতীয়ার্ধে মেসির মাঠে নামার সম্ভাবনা এখনো রয়েছে। দুই গোলের লিড পাওয়ার পর ম্যাচের পুরো নিয়ন্ত্রণই এখন আর্জেন্টিনার হাতে।

অন্যদিকে জর্ডান কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগ ভেদ করে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *